ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ডলারের বিপরীতে ভারতীয় রুপির দ্রুত দরপতনের জন্য বিশ্বের পণ্য বাজারের অস্থিতিশীলতা ও এশিয়ার কয়েকটি দেশের অর্থ পরিশোধের ভারসাম্যের অবনতিশীল অবস্থাকে দায়ী করেছেন।
তিনি শুক্রবার ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি’র গভর্নর বোর্ডের ৪৫তম বার্ষিক বৈঠকের অবকাশে ওই মন্তব্য করেন।
প্রণব সাংবাদিকদের বলেন, “চীন ছাড়া এশিয়ার কয়েকটি দেশে ‘বিওপি’ তথা ব্যালেন্স অব পেমেন্ট বা অর্থ পরিশোধের ভারসাম্য চাপের শিকার হওয়ায় স্থানীয় মুদ্রার দাম কমে যাচ্ছে।”
তিনি এই অবস্থা মোকাবেলার জন্য ভারতীয় অর্থনীতির কিছু প্রধান দিকের সংশোধন করা দরকার বলে মন্তব্য করেন। প্রণব মুখার্জি আগামীকাল শনিবার এশিয় উন্নয়ন ব্যাংক বা এডিবি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
এই ব্যাংকের গভর্নরদের বৈঠকে এশিয় অর্থনৈতিক শক্তিগুলোর ওপর আন্তর্জাতিক নানা সংকটের প্রভাব নিয়ে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন। গত কয়েক মাসে ভারতীয় মুদ্রা রুপির দর শতকরা ১৫ ভাগ কমেছে, ফলে দেশটির আমদানিখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জ্বালানি তেল ভারতের মূল আমদানি পণ্য হওয়ায় রুপির দাম বেড়ে যাওয়ায় ভারতের তেল আমদানিকারক কোম্পানিগুলোকে বেশি দাম পরিশোধ করতে হচ্ছে, অন্যদিকে তারা ভোক্তাদের জন্য নতুন দর নির্ধারণ করতে পারছে না।
ভারতের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকও চলতি আমানতের ঘাটতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। ২০১১-১২ অর্থ বছরে এই ঘাটতি জিডিপি বা মোট জাতীয় উৎপাদনের সাড়ে তিন থেকে চার শতাংশে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।
ভারতের অর্থমন্ত্রী আরও জানান, জাপান ও ইউরোপের অর্থনৈতিক মন্দা দ্রুত কাটিয়ে না ওঠা পর্যন্ত এশিয় অর্থনীতির ওপর এর প্রভাব পড়বে।
তবে উন্নত দেশগুলোর তুলনায় এশিয় অর্থনীতি তুলনামূলকভাবে ভাল অবস্থায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অভ্যন্তরীণ চাহিদার কারণেই এশিয় অর্থনীতি ভাল অবস্থায় রয়েছে বলে মনে করা হচ্ছে।
এডিবি’র দেয়া তথ্যমতে এশিয় অর্থনীতির প্রবৃদ্ধি চলতি বছর ছয় দশমিক নয় শতাংশ এবং আগামী বছর সাত দশমিক তিন শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আইআরআইবি
নয়া দিল্লি, ২৪ মে: bdnews24.com
No comments:
Post a Comment