পুঁজিবাজার তদন্ত কমিটির প্রধান ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, মনে হচ্ছে শেয়ারবাজার নিয়ে একটা খেলা হচ্ছে। কিছু বিষয়ে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এ থেকে বের হতে না পারলে সমস্যার সমাধান হবে না।
আজ সোমবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত গোলটেবিল বৈঠকে খন্দকার ইব্রাহিম খালেদ এসব কথা বলেন।
ইব্রাহিম খালেদ বলেন, শেয়ারবাজারের বর্তমান অবস্থার জন্য পুঁজি নয়, আস্থার সংকটই দায়ী। সরকার শেয়ারবাজারের অবস্থার জন্য পুঁজির সংকটকে দায়ী করছে। পুঁজির জোগান দিতে সরকার নানা ব্যবস্থা নিচ্ছে। ফলে শেয়ারবাজারে কোনো সুফল পাওয়া যাচ্ছে না।
খন্দকার ইব্রাহিম খালেদ আরও বলেন,তদন্ত কমিটি যে প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে সে প্রতিবেদনে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদের ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে কিছু কিছু বিষয় তুলে ধরা হয়েছে যেগুলো ধারণা প্রসূত। কিন্তু অনুমান নির্ভর নয়। সেসব বিষয়ে অধিকতর তদন্তের ক্ষেত্রে বর্তমানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কোনো ব্যবস্থা নিচ্ছে না। ওই প্রতিবেদনে কিছু কিছু ব্যক্তির বিরুদ্ধে অকাট্য প্রমাণও ছিল বলে খন্দকার ইব্রাহিম খালেদ দাবি করেন। তিনি আরও বলেন, প্রমাণ থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব কারণে আস্থার সংকট হয়েছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বর্তমান শেয়ারবাজার অতিমাত্রায় অবমূল্যায়িত। এই বাজার অবশ্যই ঘুরে দাঁড়াবে। তবে হয়তো কিছুটা সময় লাগবে।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ ও সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এ ছাড়া আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ, ঢাকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের (এসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, চট্টগ্রাম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের সভাপতি আল মারুফ খান প্রমুখ।
No comments:
Post a Comment